Wednesday, July 3, 2013

বৃক্ষ

ঘন একটা জঙ্গল । বনের মতো । জঙ্গলের মাঝের দিকে বিশাল কিছু গাছের ফাঁক ফোঁকরে সবার অজান্তে বেড়ে উঠছে ছোট্ট একটা চারা গাছ । আশে পাশের পর্বত সম বিশাল গাছের কারণে সূর্যের আলো যার কাছে নিয়মিত পৌঁছায় না । সূর্যের আলো চারা গাছের প্রধান খাদ্য । খাদ্যের অভাবে চারা গাছ মৃত প্রায় । মৃত প্রায় চারা গাছ মনের দুঃখে মৃত্যুর প্রহর গুনছে । চারপাশের বৃক্ষরাজির সময় কোথায় তার দিকে ফিরে তাকানোর ? আশে পাশের বেপরোয়া বাড়তে থাকা বুনো ঘাসেরাও তাকে কটাক্ষ করে । চারাগাছের মন খারাপ ।
মাঝে-মাঝে কিছু প্রজাপতি আসে । তার শাখায় বসে, আপন মনে নিজেরা নিজেরা খেলা করে, তারপর চলে যায় । দিনের যে সময়টা প্রজাপতির দল থাকে শুধু সেই সময়টাতে চারাগাছের মন ভালো থাকে ।
আজকের আবহাওয়া খুব খারাপ । সময়টা ঠিক বোঝা যাচ্ছে না । ঘন অন্ধকারে চারাগাছের ভয় ভয় করছে । আশেপাশের সবাই  নিজেদের নিয়েই ব্যস্ত । চারাগাছের মন খারাপ ।
হঠাৎ  করে ঝড় শুরু হল । প্রচণ্ড বাতাসে সব কিছু লণ্ডভণ্ড হওয়ার উপক্রম । তার মৃত্যু ক্ষণ সন্নিকটে । মাথা উঁচু করে সূর্যের রোদ গায়ে মাখা, চিৎকার করে সবাইকে তার অস্তিত্ব জানান দেওয়ার ইচ্ছা তার অপূর্ণই থেকে যাবে । নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর আচরণ । বেচারা চারাগাছের উপর প্রচুর ধকল গেল ।
ঝড় থেমে গেছে । সবকিছু চুপচাপ । একটা গভীর নিস্তব্ধতা জঙ্গলময় । হঠাৎ করে ছ্যাঁত করে উঠল চারাগাছের শরীর । অদ্ভুত একটা শিহরণ অনুভব করল সে । চোখ মেলে উপরে দেখল সে ।
আলো ! সূর্যের আলো ! সে কি স্বপ্ন দেখছে ?
না । স্বপ্ন না, বাস্তব । ঝড়ের তাণ্ডবে উড়ে যাওয়া পাতার ফাঁক থেকে ঐ তো উঁকি দিচ্ছে সূর্য । সূর্যের এক চিলতে আলো এসে পড়েছে তার পাতায় । আনন্দে ভরে ওঠে চারাগাছের মন । এত অল্প আলোতে তার প্রয়োজন হয়ত মিটবে না, হয়ত কিছুদিনের মধ্যে বড় গাছগুলোর নতুন পাতা গজাবে । তখন ? তখন কি হবে ? আবার সেই চিরচেনা অন্ধকার, মৃত্যুর অপেক্ষা ।
আচ্ছা, এমনও তো হতে পারে যে এই ঝড় থেকে শিক্ষা নিল বড় গাছগুলো, তারা চারাগাছের ঠিক মাথার উপর তাদের নিজেদের ডালে পাতা গজালো না ।
আবার এমনও তো হতে পারে- বড় কোন ঝড় আসলো, অহংকারি বড় গাছ সেই ঝড়ে মুখ থুবড়ে পড়লো , অথবা অন্তত সূর্যের আলো তার কাছে পৌঁছানোর পথে বাঁধা হয়ে থাকা গাছের সেই ডালগুলো ভেঙ্গে পড়লো । হতে পারে না ?
না হলে নেই । আবার ঝড় আসবে । আবার কিছু সময়ের জন্য সেই রোদ । আহ ! ভাবতেই আনন্দ হচ্ছে । না, আজ থেকে আর কোন হতাশা নয় । জীবনটা মুখ বুজে সব সহ্য করার জন্য নয়, নিজের অধিকার নিজেকে অর্জন করতে হবে । মৃত্যু ভয়ে আর কাবু হয়ে থাকবে না চারাগাছ । এখন শুধু বেঁচে থাকা অপেক্ষা নিয়ে নতুন দিনের । একটু একটু শক্তি সঞ্চয় করা আর বেড়ে ওঠা ।
আসবে । একদিন আসবে সেই দিন । অন্য সব বিশাল বৃক্ষের মতই সেই দিন আকাশ ছোঁবে আজকের চারাগাছ ।

No comments:

Post a Comment

শুধুমাত্র উন্মাদেরা কমেন্ট করুন